ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়, জনগণের কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই—এই নীতিতে থেকেই পুলিশকে কাজ করতে হবে।
সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করতে হবে। অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সভা শেষে জুন মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
মন্তব্য করুন