বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে উত্তরার আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
টানা তিন দিন ধরে চলা এই আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে যাত্রী ও পথচারীদের।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তাঁরা সড়কে নেমেছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যাননি।
মন্তব্য করুন