সাকিব ও লিটনের পাশাপাশি ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম ও পেসার নাহিদ রানা। অন্যদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও ১২ ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ৪৬২ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে এই বাছাইপ্রক্রিয়া। ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ডের পাশাপাশি থাকছে সিলভার ও উদীয়মান ক্যাটাগরি।
খসড়া তালিকায় আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন পরিচিত তারকা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, ইমরান তাহির, আকিল হোসেন, কুশল পেরেরা, ইমাম-উল-হক, সাইম আইয়ুব, ফখর জামান, চরিত আসালাঙ্কা ও সাহিবজাদা ফারহান।
পাঁচ দল নিয়ে নতুন আঙ্গিকে আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের। তবে টুর্নামেন্টের নির্দিষ্ট ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।
এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো আফগানিস্তান প্রিমিয়ার লিগ চালু করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচ দলের সেই প্রতিযোগিতা এক মৌসুমের বেশি স্থায়ী হয়নি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা অংশ নিলেও খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বন্ধ হয়ে যায় লিগটি।
দীর্ঘ বিরতির পর এবার নতুন করে প্রতিযোগিতাটি চালুর উদ্যোগ নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
মন্তব্য করুন