মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। শুরুতে চোট গুরুতর নয় বলে জানা গেলেও বুধবার (২৮ অক্টোবর) ম্যাচের সকালে তাঁর অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাঁকে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ হোসেন জানিয়েছেন, মুশফিককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে ম্যাচের সকাল পর্যন্ত তাঁর আঙুলের ব্যথা পুরোপুরি কমেনি। আশা করা হচ্ছে, পরবর্তী টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
এক ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, “মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।”
মুশফিকের পরিবর্তে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন এই ব্যাটার।
এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস। মুশফিকের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে তাঁর অভিজ্ঞতার ঘাটতি পূরণ করাই হবে দলের জন্য বড় চ্যালেঞ্জ।
মন্তব্য করুন