সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আমি চাই না আমার এ কর্মকাণ্ডে আমার দল বিএনপি ও প্রধানমন্ত্রী বিব্রত হোক। এ কারণে আমি পদত্যাগের ঘোষণা দিলাম।’
এর আগে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, বিশেষ পরিস্থিতির কারণে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে তাঁর অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং নিজ উদ্যোগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে মাঠে নামার প্রত্যয়ও ব্যক্ত করেন ইশরাক।
প্রসঙ্গত, গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনার জন্ম দেন ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে এ নির্দেশ দেন। তবে সে সময় ইশরাক হোসেন গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় বিষয়টিকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
পরবর্তী সময়ে সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান তিনি। সেই ঘোষণা অনুযায়ী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ইশরাক হোসেন।
মন্তব্য করুন