ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড গর্ডন। চলতি মৌসুমে দলে যোগ দেওয়ার পর থেকেই নজর কাড়ছেন তিনি। তিন প্রতিপক্ষকে কাটিয়ে এগিয়ে গিয়ে নেওয়া তার নিচু শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
প্রায় ৩০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। নিজেদের রক্ষণভাগে বলের নিয়ন্ত্রণ হারিয়ে বার্সেলোনাকে সুযোগ করে দেন গেতাফের ডিফেন্ডার জায়েদ রোমেরো। তার ভুল পাস থেকে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি জেসুস।
এরপর লামিনে ইয়ামালের পাস থেকে কাছের দূরত্বে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে। এই ম্যাচে মাঠে নেমে বার্সেলোনার হয়ে ফরাসি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ১৯৪ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি। এর আগে রেকর্ডটি ছিল এরিক আবিদালের দখলে।
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে গিয়ে ঊরুর পেশিতে চোট পাওয়ায় দলের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। তার পরিবর্তে সাবেক আর্সেনাল ফরোয়ার্ড জেসুসকে খেলান কোচ হান্সি ফ্লিক। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গেতাফেকে চাপে রাখে তার দল।
প্রথমার্ধে গর্ডন ছিলেন বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড়। ইংল্যান্ডের হয়ে সাম্প্রতিক উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতেও গোল করা এই ফরোয়ার্ড ক্লাবের জার্সিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এদিকে, দূরপাল্লার শটে বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়াও গেতাফের গোলরক্ষক দাভিদ সোরিয়াকে পরীক্ষায় ফেলেন।
পরে দানি ওলমোর একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন সোরিয়া। তবে শেষ পর্যন্ত ইয়ামালের পাস থেকে কুন্দের গোল আটকাতে পারেনি গেতাফে।
এই জয়ের ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয় তুলে নিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দলটি।
দিনের অন্য ম্যাচে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। এতে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে নয় পয়েন্টে। তবে রিয়াল মাদ্রিদ পরে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে।
মন্তব্য করুন