হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত।
বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে সারা দেশে প্রায় দুই কোটি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। তবে একটি শিশুও যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যেই এবারের কর্মসূচিকে ‘মপ-আপ ক্যাম্পেইন’ হিসেবে নেওয়া হয়েছে।
তিনি জানান, কর্মসূচির আওতায় দূরবর্তী ও দুর্গম এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপের টিকা থেকে কোনো কারণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি শিশুর কাছে পৌঁছে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন কার্যক্রম জোরদার করেছে। টিকাদান কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, সিটি কর্পোরেশনসহ স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের কর্মীরা সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত চরাঞ্চলেও টিকাদান কর্মসূচি পৌঁছে দেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জনগণের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার টিকাদানসহ রোগ প্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত রাখবে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন