দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০২ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন করে কোনো প্রাণহানি হয়নি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়—মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত—হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১৯ জনের শরীরে। একই সময়ে ৬৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ১৯ হাজার ৯০৪ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে রোগীদের বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয়।
তাঁদের মতে, প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটে, সেগুলোকে হামে মৃত্যুর হিসাবের আওতায় ধরা হয়।
মন্তব্য করুন