সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রকৃত তথ্য যাচাই শেষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং ভিডিও দলের নজরে এসেছে। এ ছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্যও প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে দলটি এখনই কোনো চূড়ান্ত মন্তব্য না করে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন