শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ট্রল কিংবা অপপ্রচার করে সরকারকে শিক্ষার উন্নয়নের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। তিনি বলেন, ‘যে যত ট্রলই করুন, যত অপবাদই দিন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচন করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করেছেন, তাদের অধিকাংশই পরীক্ষার্থী নন।
তিনি বলেন, ‘সিটি কলেজ, আইডিয়াল কলেজ কিংবা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে দেখিনি। বিভ্রান্তি সৃষ্টি করে একটি অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে।’
তিনি আরও বলেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করতে কাজ করছে। সমাজে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি কুমিল্লায় জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় মানবিক কারণেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
একই সঙ্গে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন ও সনদ প্রদান সম্ভব নয়।’
শিক্ষামন্ত্রী জানান, সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ৮৭ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে এবং ভবিষ্যতে জাতীয় আয়ের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলেও দ্রুত নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় চাহিদার কথা বিবেচনায় আন্তর্জাতিক মানের ‘স্কুল অব এগ্রিকালচার’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি এবং মার্চে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে ইউজিসির চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন