নিরাপত্তা কৌশল এমন হওয়া উচিত নয়, যাতে সরকারপ্রধান জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন,
“একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা রাখতে চাই। তাই নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।”
তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই সরকারপ্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়—সেই ভারসাম্য বজায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং সদরদপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পিজিআরের কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তাই গার্ডসের লক্ষ্য’—এই মূলমন্ত্র ধারণ করে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা, সাহস ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষ করে সাইবার যুদ্ধ মোকাবিলায় বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি সাহস, সততা, শৃঙ্খলা ও বিশ্বস্ততাই একটি পেশাদার বাহিনীর সবচেয়ে বড় শক্তি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করাও পিজিআরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব ক্ষেত্রে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
এ সময় চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় পিজিআরের কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তাদের ইস্পাত-কঠিন দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠা দেশের জন্য গর্বের।
মন্তব্য করুন