দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যায় ভুগে ক্ষুব্ধ ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরের একদল গ্রামবাসী এক টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এলাকায় মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সমস্যার সমাধান না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
গত বৃহস্পতিবার এক টেকনিশিয়ান এলাকায় গেলে গ্রামবাসীরা তাকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই ব্যক্তিকে টাওয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। তার চারপাশে কয়েকজন গ্রামবাসীও ছিলেন।
স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর ধরে তারা নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে মোবাইল কোম্পানির কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। ফলে ক্ষোভের একপর্যায়ে টেকনিশিয়ানকে আটকে রেখে টেলিকম কোম্পানির কর্মকর্তাদের ঘটনাস্থলে এসে সমস্যার সমাধানের দাবি জানান তারা।
গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, তারা নিয়মিত ৫জি সেবার জন্য প্রিপেইড রিচার্জ করলেও দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহার ও ফোনে কথা বলতে সমস্যায় পড়ছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টেকনিশিয়ানকে উদ্ধার করা হয়। বিন্দকি থানার ইনচার্জ শৈলেশ সিংহ বলেন, দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করেই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন