যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মুসলিম বিশ্বের মূল শত্রু হিসেবে উল্লেখ করে ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার
মুসলিম বিশ্বের দেশগুলোকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মুসলিম সমাজকে বিভক্ত করে দুর্বল করার ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি ইসলামী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এক লিখিত বার্তায় মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মুসলিম বিশ্বের মূল শত্রু হিসেবে উল্লেখ করেন। তার দাবি, বাইরের এসব শক্তি ভাষা, জাতি, সামাজিক ও রাজনৈতিক পার্থক্যকে কাজে লাগিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে চায়।
মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভেদকে কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর নির্যাতন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। খামেনির মতে, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে ফিলিস্তিনিদের ওপর এ ধরনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হতো না।
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, পুরো মুসলিম বিশ্ব ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হলে দূরবর্তী কোনো শক্তির পক্ষে মধ্যপ্রাচ্যের সম্পদ ও স্বার্থের ওপর আধিপত্য বিস্তার করা কঠিন হয়ে পড়বে।
ইসলামী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মুসলিম বিশ্বের বন্ধু হিসেবে বিবেচনা করা উচিত নয়। তার দাবি, এসব শক্তি শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের বিরোধী নয়; বরং তাদের কর্মকাণ্ডের প্রভাব পুরো মুসলিম বিশ্বের ওপর পড়ছে।
তিনি মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যকার হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কথিত ‘আসল শত্রু’ চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন