তিব্বত থেকে আসা পানির ঢলে নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। ভয়াবহ বন্যায় দেশটির নুয়াকোট ও ধাদিং জেলার বেশ কয়েকটি এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে প্রবাহিত ভোতে কোশি নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে প্রবল স্রোতে বিভিন্ন এলাকা প্লাবিত করে। নেপালি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির ঢলেই এ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০৫ জন ভারতীয়সহ আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে ‘নেপাল নিউজ’ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
এ ছাড়া রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় দুর্গত এলাকায় হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের সদস্য মোতায়েন করেছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
মন্তব্য করুন