অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানকে আটক করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকেও আটক করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই ‘ছাত্রজনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন মিছিলের অনুমতি দেয়নি।
ওসি আরও বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই তাদের আটক করা হয়েছে।
মন্তব্য করুন