নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও ক্যারিয়ারের বিশাল একটি অংশ। দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মূল্যবান।’
২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন পোলার্ড। এ সময়ে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। তাঁর সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে পাঁচবার আইপিএল শিরোপা জেতে।
২০২২ মৌসুম শেষে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার সেই দলেরই প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
পোলার্ড বলেন, খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ঐতিহ্য এবং দলের জার্সি পরার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে বুঝেছেন। খেলোয়াড় ও সহায়ক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দলের ঐতিহ্য এগিয়ে নেওয়া এবং তরুণ প্রতিভাদের বিকাশে ভূমিকা রাখতে চান তিনি। পাশাপাশি সমর্থকদের আনন্দ উদ্যাপনের আরও উপলক্ষ উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করে দলটি। পোলার্ডের নেতৃত্বে আবারও সাফল্যের ধারায় ফিরতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
পোলার্ডের নতুন দায়িত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহমালিক নীতা আম্বানি। তিনি বলেন, মাত্র ২২ বছর বয়সে দলে যোগ দেওয়ার পর গত ১৬ বছরে পোলার্ড তাঁদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পাশাপাশি কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা ও খেলা সম্পর্কে গভীর উপলব্ধি ভাগ করে নিয়েছেন তিনি।
প্রধান কোচ হিসেবে পোলার্ডের ওপর আস্থা রেখে নীতা আম্বানি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন এবং দলকে সাফল্যের নতুন অধ্যায়ে এগিয়ে নেবেন।
মন্তব্য করুন