দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোট দেননি।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেওয়ার সুযোগ পান।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভোট দেওয়ার মধ্য দিয়ে। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
এরপর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হয়। গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মন্তব্য করুন