সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ের সাংগঠনিক তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন তাঁদের বিয়ে হয়েছে। তিনি আরও জানান, ওই বিয়ের সময় তাঁর প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রী এবং তরুণীর বাবাও গণমাধ্যমে একই দাবি করেছেন।
তবে পরবর্তীতে প্রকাশিত একটি বায়োডাটায় সংশ্লিষ্ট তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকার পাশাপাশি দেখা যায়, গত ২২ জুন তাঁর চাকরির সুপারিশ করেছিলেন গাজী নজরুল ইসলাম। এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
এদিকে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ সাংবাদিকদের জানান, কাবিননামাটি মঙ্গলবার প্রস্তুত করা হয়েছে। তাঁর দাবি, এমপি গাজী নজরুল ইসলাম তাঁকে কাবিননামায় ১৭ জুন তারিখ উল্লেখ করতে বলেছিলেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সাংগঠনিক তদন্ত শেষে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জামায়াতে ইসলামী।
মন্তব্য করুন