বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে দেশজুড়ে অভিযোগের মধ্যে ফেসবুকে পোস্ট দিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী; মুহূর্তেই ভাইরাল হয় তার বক্তব্য।
ঢাকা: বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে দেশজুড়ে বিভিন্ন অভিযোগের মধ্যে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তার বাসার বিদ্যুৎ বিলও হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে। একই ধরনের অভিযোগ পরিচিত অনেকের কাছ থেকেও পেয়েছেন বলে জানান তিনি।
ফেসবুক পোস্টে আজহারী লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
তার এই পোস্ট প্রকাশের পর দ্রুত তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত পোস্টে প্রায় ১ লাখ ৭০ হাজার রিঅ্যাকশন, ৮ হাজারের বেশি মন্তব্য এবং ৪ হাজারের বেশি শেয়ার হয়েছে।
বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে সাধারণ গ্রাহকদের অভিযোগের মধ্যেই আজহারীর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন