প্রথমবার পর্তুগালে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান; প্রবাসী বাংলাদেশিদের জন্য মঞ্চ মাতাবেন নগর বাউলখ্যাত জেমসও।
বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে এবার এক মঞ্চে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস এবং ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খানকে। আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হবে ‘বাংলা লাইভ’ কনসার্ট, যেখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিবেশিত হবে গান, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন অভিনেতা জায়েদ খান। সেখান থেকে নিয়মিত কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ শো করে আসছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে পর্তুগাল।
রোনালদোর দেশে প্রথমবার পারফর্ম করতে যাওয়ায় নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে জায়েদ খান বলেন, “প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। এজন্য আমি খুবই উত্তেজিত। লিসবনে থাকা প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। সেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে পারব—এটাই সবচেয়ে আনন্দের বিষয়।”
লিসবনের লিসবোয়া ইউ ভিভো ভেন্যুতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত জেমস। পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ পারফরম্যান্স নিয়ে মঞ্চে উঠবেন জায়েদ খান।
আয়োজকদের প্রত্যাশা, জেমসের গান এবং জায়েদ খানের পরিবেশনায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে ‘বাংলা লাইভ’ কনসার্ট।
মন্তব্য করুন