শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলনে উত্তপ্ত রাজধানী দিল্লি; সংসদ ঘিরে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ এবং রাজনৈতিক উত্তাপের মধ্যেই প্রতিক্রিয়া বিজেপি সাংসদ হেমা মালিনীর।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলকে ঘিরে যন্তর মন্তর এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়।
এই ঘটনার প্রভাব পড়ে সংসদের বাদল অধিবেশনেও। সংসদের বাইরে চলমান আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী বলেন, “কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এভাবে বিক্ষোভ করে কোনো লাভ নেই।”
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশের যুবসমাজ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে, রোববার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হন অভিনেতা প্রকাশ রাজ, শাবানা আজমি এবং পুনম পান্ডে। তাদের উপস্থিতিতে আন্দোলনটি নতুন করে আলোচনায় আসে।
অন্যদিকে, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহার করেছেন। চিকিৎসাধীন কর্মী সোনম ওয়াংচুকের অনুরোধে তিনি অনশন ভাঙেন। গত ১৮ জুলাই ওয়াংচুক হাসপাতালে ভর্তি হওয়ার পর দীপক অনশন শুরু করেছিলেন। এর আগে ওয়াংচুকও ২১ দিনের অনশন পালন করেন এবং শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে ঘিরে আন্দোলন ও রাজনৈতিক প্রতিক্রিয়ার ফলে দিল্লির পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।
মন্তব্য করুন