দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহের লক্ষ্যে তিনি অংশ নিচ্ছেন একটি বিশেষ সংগীতানুষ্ঠানে।
আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানে রুনা লায়লা পরিবেশন করবেন তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। আয়োজকদের প্রত্যাশা, সংগীতের এই বিশেষ সন্ধ্যা মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যাদুর্গতদের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, সংগৃহীত অর্থ বন্যাকবলিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।
উল্লেখ্য, এই মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানটির মাধ্যমে শিল্প ও মানবতার এক অনন্য মিলন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন