জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গেছে, শুক্রবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জিডিতে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে কটাক্ষ ও অবমাননা করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেছেন। এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি পরবর্তী তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য এবং সংশ্লিষ্ট লিংকগুলো যাচাই-বাছাই করবে সাইবার ইউনিট।
তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন