ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। তিনি লেখেন, যেহেতু নৌপথটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তাই এর নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না—এমন প্রশ্ন।
এর আগে ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েও আলোচনায় এসেছেন ট্রাম্প। কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুমকিও দিয়ে আসছেন ট্রাম্প। এমনকি নৌপথটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশের কথাও জানা গেছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিটিতে যেকোনো ধরনের অস্থিরতার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে।
ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করায় মঙ্গলবার মার্কিন বাহিনী ওই এলাকার কাছে বিমান হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও আবার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন