সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিস্থিতি, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বৈঠকে পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের একটি পক্ষ এ অঞ্চলে যুদ্ধ অব্যাহত রাখতে গভীরভাবে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং যুদ্ধকে স্বাগতও জানায়নি। তবে যুক্তরাষ্ট্র চুক্তি ও অঙ্গীকার পূরণে ব্যর্থ হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা হরমুজ প্রণালিসংলগ্ন সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়েও আলোচনা করেন। পাশাপাশি দক্ষিণ-পূর্ব ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের অগ্রগতি এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
চাবাহার বন্দরের একটি বিশেষ টার্মিনালে ভারতের প্রায় ১২ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। বন্দরটির উন্নয়ন প্রকল্পে ভারত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এদিকে চাবাহার বন্দর প্রকল্পকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে দেওয়া বিশেষ ছাড়ের মেয়াদ গত রোববার শেষ হয়েছে। ফলে বিষয়টি ভারত-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৈঠকে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
মন্তব্য করুন