সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় ‘বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া সরকারের মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ৪০টি বাংলাদেশি ও স্প্যানিশ প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রদর্শন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগের প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের বৈশ্বিক বাজারেও বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক ফ্যাশন, নকশা ও পরিবেশবান্ধব পণ্য তৈরিতে পাটের উদ্ভাবনী ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি নকশা, ফ্যাশন ও সাংস্কৃতিক শিল্পসহ সৃজনশীল অর্থনীতির বিকাশ উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক দিনব্যাপী এ এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করা, স্পেনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণ এবং বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উৎপাদনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং বাংলাদেশ-স্পেনের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মন্তব্য করুন