বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা প্রতিরোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজও চলছে।
হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের পড়ালেখা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চার মাধ্যমে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠের আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি অনলাইন ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন