সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। ফ্ল্যাট বিক্রির প্রতারণার মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফ্ল্যাট প্রতারণার একটি মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।
চলতি বছরের ২০ মে ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগের মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ১ জুলাই বিদিশা মোশাররফ হোসেনকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখান এবং সেটি বিক্রির প্রস্তাব দেন। পরে ফ্ল্যাটটির দাম ৮০ লাখ টাকা নির্ধারণ করে চুক্তি হয়।
অভিযোগে বলা হয়, একই বছরের ১০ জুলাই বিদিশা তাকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাওরান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন এবং উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।
চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পর বাকি টাকা পরিশোধ সাপেক্ষে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও নির্ধারিত সময়ের পরও তা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তিনি ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে ব্যাংকে জমা দেওয়ার পর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, বিদিশা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেননি। একপর্যায়ে বাদীকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
এই মামলায় আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই বিদিশাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন