বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতাকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকার এখনই কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে সতর্কতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি এখনও পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর।
তিনি বলেন, শুধু অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার। জাতিসংঘের প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
এদিকে সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন