প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ছিল ‘দারুণ’ এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে সার্জিও গর জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল বিবেচনা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। যদিও কিছু নির্দিষ্ট এলাকার জন্য অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের জন্য ‘দারুণ খবর’ বলে উল্লেখ করেন।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সার্জিও গর কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
সফরসংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
মন্তব্য করুন