জুলাই সনদের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে জামায়াত-এনসিপি: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের আন্দোলন নয়; এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল।
তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি জুলাই সনদের বিষয়কে সামনে এনে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
শনিবার (৮ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শিশু একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “তারা বলে যে ‘আমাকে মারো’, মারলে তারা সিম্প্যাথি পাবে। এজন্য তারা অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছে।”
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, একসময় দলটি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ভিন্ন পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, “এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে পতনই হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে।”
তিনি দাবি করেন, আওয়ামী লীগের আগামী ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন