“হাত বাড়াই মানবতার টানে” -এই প্রত্যয়কে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানববন্ধু সংগঠন কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের মধুঘর এলাকায় অবস্থিত ‘আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা স্কুলে’ এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শুকনো খাবারসহ খাতা, রাবার ও পেন্সিল বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ ও খাবার হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দের উচ্ছ্বাস। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম সেলিম রেজা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ মানববন্ধু সংগঠন যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ মানববন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট বলেন, প্রতিবন্ধী মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এবং সংশ্লিষ্ট সবাইকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সূর্য আহমেদ মিঠুন বলেন, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ থেকেই তাদের সংগঠনের পথচলা। সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোকে তারা দায়িত্ব হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে, সেটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত দুর্বল। বৃষ্টির সময় ক্ষতিগ্রস্ত টিনের ছাদ দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষ ভিজে যায়। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। পর্যাপ্ত ফ্যান না থাকায় গরমের সময় শিক্ষার্থীদের পাঠদানেও ভোগান্তি পোহাতে হয়।
বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সূর্য আহমেদ মিঠুন বলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশ মানববন্ধু সংগঠনকে ভবিষ্যতে একটি বৃহৎ মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এ পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মানববন্ধু সংগঠনের প্রচার সম্পাদক খোকনের মরহুমা মায়ের রুহের মাগফিরাত, সহ-সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ মুন্সির সুস্থতা এবং সংগঠনের সব সদস্যের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সানোয়ার খান, সিনিয়র সহ-সভাপতি মো. বশির আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা লিজা, কার্যকরী সদস্য ভূইয়া কাজল, অর্থ সম্পাদক মো. সোলায়মান, কার্যকরী সদস্য মো. সমুদ্র আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন