বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ও মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন পোশাকশ্রমিকরা। এ দাবিতে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন ধরে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়।
তবে বৃহস্পতিবার সকালে অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। যদিও কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন বিজিবির ২৫ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মহাসড়ক ও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কর্মস্থলে ফেরা শ্রমিকরা জানান, গত কয়েক দিন ধরে আন্দোলনের কারণে তাঁরা কারখানায় কাজে যোগ দিতে পারেননি। কারখানার সামনে যাওয়ার আগেই আন্দোলন দেখে ফিরে যেতেন। তবে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন না থাকায় তাঁরা কাজে যোগ দিচ্ছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন