১১ দলীয় সমাবেশে এলডিপি সভাপতি দাবি করেন, প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় হুমকি দলের ভেতরের ‘দালাল ও ষড়যন্ত্রকারীরা’; জাতীয় ঐক্যেরও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় হুমকি বাইরে নয়, বরং তার নিজের দলের ভেতরেই রয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, “আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে।”
তিনি জানান, গত কয়েক মাস ধরে তিনি প্রধানমন্ত্রীকে বিভেদমূলক রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন। তার ভাষায়, এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যেখান থেকে সরকারের পতনের সূচনা হতে পারে।
সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনার প্রসঙ্গ টেনে এলডিপি সভাপতি বলেন, এসব ঘটনা প্রমাণ করে ক্ষমতাসীন দলের ভেতরেই এমন কিছু ব্যক্তি রয়েছেন, যারা প্রধানমন্ত্রীর অবস্থান দুর্বল করতে সক্রিয়।
তিনি আরও বলেন, “ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই অবস্থান করছে। আপনার দলের ভেতরের দালালদের চিহ্নিত করুন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নেই; বিপদ আপনার নিজের ঘরের লোকদের কাছ থেকেই আসবে।”
রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে অলি আহমদ বলেন, ১৯৯১ সালে বিএনপি জামায়াতের সমর্থনে সরকার গঠন করেছিল এবং ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারেও জামায়াতের প্রতিনিধিত্ব ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে জামায়াতে যোগ দেননি। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলোর ঐক্যকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।
অলি আহমদ বলেন, বিভাজনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। বরং সুশাসন, ন্যায়বিচার, মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই হওয়া উচিত সবার লক্ষ্য।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সময় দেশের মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ঐক্যের চেতনাকে ধরে রাখতে জাতীয়ভাবে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন