ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ওই মানচিত্রের স্ক্রিনশট ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের ১০ দিনের মধ্যপ্রাচ্য সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতির সঙ্গে মানচিত্রটি সংযুক্ত করা হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, মানচিত্রে ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানচিত্রটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের সমালোচনা শুরু হয়। এক্সের এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, পশ্চিম তীর ও গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানোর সাহস কীভাবে হলো এবং এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কি না।
বিষয়টি নিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিকও প্রতিবেদন প্রকাশ করে। সংবাদমাধ্যমটি সেন্টকমের সমালোচনা করে মন্তব্য করে, মধ্যপ্রাচ্যের ভূগোল উপস্থাপনে সেন্টকম আবারও ভুল করেছে এবং এমন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজা ও পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।
তবে পরবর্তী সময়ে সেন্টকম মানচিত্রটি সংশোধন করেছে বলে ধারণা করা হচ্ছে। আল-জাজিরা সেন্টকমের বিবৃতি পর্যালোচনা করে দেখতে পায়, সংশোধিত মানচিত্রে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েল থেকে আলাদা করে দেখানো হয়েছে। তবে গাজা উপত্যকাকে তখনো পৃথক ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি।
ফিলিস্তিনের রাজনৈতিক মর্যাদা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর বড় একটি অংশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম প্রধান বিরোধপূর্ণ অঞ্চল গাজা উপত্যকা ও পশ্চিম তীর। বিশেষ করে পশ্চিম তীরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ফলে সরকারি কোনো মানচিত্রে এসব অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হলে তা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল প্রতিক্রিয়া তৈরি করে।
মন্তব্য করুন