২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করেন, বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার কেবল বিশ্বচ্যাম্পিয়নদেরই রয়েছে। তবে ফিফা স্পষ্ট করেছে, ট্রাম্প কোনো নিয়ম লঙ্ঘন করেননি।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতে দর্শক, সাংবাদিক ও স্টেডিয়াম কর্মীদের দীর্ঘ সময় নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।
ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে আসল বিশ্বকাপ ট্রফি তুলে দেন। ট্রাম্প ট্রফিটি আলতোভাবে স্পর্শ করেন এবং পরে রোনালদোর সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা। কেউ দাবি করেন, বিশ্বকাপ ট্রফি কেবল চ্যাম্পিয়নরাই স্পর্শ করতে পারেন। আবার কেউ প্রশ্ন তোলেন, ট্রাম্প কি ফিফার নিয়ম ভঙ্গ করেছেন?
তবে এ বিতর্কের জবাবে ফিফা জানিয়েছে, তাদের আনুষ্ঠানিক প্রটোকলে এমন কোনো বিধান নেই যে শুধুমাত্র বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। সংস্থাটির নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তা এবং সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিরাও বিশেষ অনুমতিতে মূল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারেন। সেই হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ট্রফি স্পর্শ করা ফিফার নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিশ্বকাপ ট্রফি ঘিরে এর আগেও একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর পপ তারকা রিহানা ট্রফি হাতে ছবি তুলে আলোচনায় আসেন। আর ২০২২ কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সময় মাঠে নেমে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তোলেন জনপ্রিয় শেফ ‘সল্ট বে’। খেলোয়াড়দের বিরক্ত করা এবং ফিফার প্রটোকল ভঙ্গের অভিযোগে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে তার কর্মকাণ্ড নিয়ে তদন্তও করে ফিফা।
মন্তব্য করুন