প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কবি ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহীম নিরব।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সমসাময়িক পরিস্থিতি, সাহিত্য-সংস্কৃতি, তরুণ সমাজের সম্ভাবনা এবং বৈদেশিক কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাতের একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুমের পর জেলবন্দী থাকাকালে রচিত ইব্রাহীম নিরবের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ভয়তন্ত্র’ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের হাতে তুলে দেওয়া হয়। বইটি উপহার দেওয়ার মধ্য দিয়ে আন্দোলনের অভিজ্ঞতা, বন্দিজীবনের বাস্তবতা এবং সেই সময়ের অনুভূতিগুলো সাহিত্যের মাধ্যমে তুলে ধরার বিষয়টিও আলোচনায় আসে।
এ সময় সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা এবং তাঁদের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বিশেষ গুরুত্ব পায় মুন্সিগঞ্জ জেলার প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি। জেলার বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত থাকায় তাঁদের নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন ইব্রাহীম নিরব।
একই সঙ্গে মুন্সিগঞ্জের তরুণদের বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও অন্যান্য কার্যকর কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
ইব্রাহীম নিরবের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রবাসীদের কল্যাণ ও তরুণদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
সাক্ষাৎটি সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি সাহিত্য, তরুণদের সম্ভাবনা এবং মুন্সিগঞ্জের প্রবাসীদের কল্যাণে নতুন উদ্যোগের সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উঠে আসে
মন্তব্য করুন