অতিরিক্ত বন্দি ও সংঘর্ষে উত্তপ্ত কারাগার; কয়েকটি ভবন ভাঙচুর, আহত অন্তত ৬ জন।
আন্তর্জাতিক ডেস্ক:
শ্রীলঙ্কার মাহারা কারাগারে আবারও কয়েদিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন কয়েদি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ।
রোববার (২ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে শনিবার সংঘর্ষ শুরু হলে কয়েদিরা কয়েকটি ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকশ সেনাসদস্য এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর কমান্ডো মোতায়েন করা হয়।
শ্রীলঙ্কা পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, নিরাপত্তা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দিদের নিজ নিজ কক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনীর অতিরিক্ত সহায়তা নিতে হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় কয়েদিরা কারাগারের রান্নাঘর, হাসপাতাল, নতুন পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণভাবে ভাঙচুর করে।
এটি এই অঞ্চলের কারাগারগুলোতে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বড় সহিংসতার ঘটনা। প্রায় এক মাস আগে নেগোম্বো কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী ও ২১ জন কয়েদি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন।
এর আগেও ২০২০ সালের নভেম্বর একই মাহারা কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১১ জন কয়েদি নিহত এবং প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।
বর্তমানে মাহারা কারাগারে প্রায় ৪ হাজার ১০০ জন বন্দি রয়েছেন, যা এর ধারণক্ষমতার প্রায় চার গুণ। শ্রীলঙ্কার অধিকাংশ কারাগারই দীর্ঘদিন ধরে অতিরিক্ত বন্দির চাপে রয়েছে।
এই সংকট মোকাবিলায় গত মাসে দেশটির সরকার অব্যবহৃত সরকারি ভবনগুলোকে অস্থায়ী কারাগারে রূপান্তরের পরিকল্পনার কথা জানায়।
সরকারি তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারগুলোতে থাকা বন্দিদের তিন-চতুর্থাংশের বেশি বিচারাধীন মামলার আসামি, যাদের বেশিরভাগই মাদক-সংক্রান্ত অভিযোগে আটক রয়েছেন।
মন্তব্য করুন