ইরানকে দীর্ঘস্থায়ী ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বর্তমান সময়কে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন তিনি।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, বর্তমানে ইরানের মধ্যে ঐক্য, শক্তি ও সংহতি রয়েছে। চলমান যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তাই এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সবচেয়ে ভালো হবে বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট।
যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগে থেকেই একটি যোগাযোগব্যবস্থা থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান।
তিনি বলেন, যেকোনো সমঝোতা স্মারকে কোনো না কোনো ধরনের লঙ্ঘন ঘটতে পারে। এমন পরিস্থিতিতে একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার পরিবর্তে শুরু থেকেই সমস্যা সমাধানে একটি যৌথ দল গঠন করা উচিত ছিল।
বর্তমানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানান তিনি। পেজেশকিয়ানের মতে, এ ক্ষেত্রে কার্যকর কোনো সমাধান সম্ভব কি না, তা খুঁজে দেখা জরুরি।
ইরানের প্রেসিডেন্ট জানান, ওমানের সঙ্গে চলমান আলোচনাতেও এ বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যার মধ্য দিয়ে ইরান দীর্ঘস্থায়ী ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং ভবিষ্যৎ সমঝোতা নিয়ে আলোচনা চলার মধ্যেই পেজেশকিয়ানের এই বক্তব্য সামনে এলো। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনাকে ঘিরে দুই দেশের উত্তেজনা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, পারস্পরিক অবিশ্বাস এবং বিভিন্ন শর্ত নিয়ে মতপার্থক্যের কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
মন্তব্য করুন