২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবার তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ তাঁকে অপরাধমূলক অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। তবে দেশটিতে ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ থাকায়, আদালতের দেওয়া এ ধরনের সাজা সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়।
বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে-ও এই স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে প্রায় একই সময়ে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ২৬০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে অন্তত ৪২ জন বিদেশি নাগরিক ছিলেন।
হামলার পর গঠিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, হামলার আগে গোয়েন্দা সংস্থাগুলো একাধিক সতর্কবার্তা দিলেও পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হন। সেই ব্যর্থতার দায়েই সাবেক পুলিশপ্রধান জয়সুন্দরাকে অপরাধমূলক অবহেলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাঁর। একই ঘটনায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দো-র বিরুদ্ধেও পৃথক রায় দেওয়ার কথা রয়েছে।
২০১৯ সালের ওই হামলার জন্য শ্রীলঙ্কাভিত্তিক দুটি উগ্রপন্থী গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। হামলায় সরাসরি জড়িত হিসেবে শনাক্ত ব্যক্তিদের কেউ বর্তমানে জীবিত নেই। তবে হামলাকারীদের সহযোগিতা ও সহায়তার অভিযোগে আরও কয়েকজনের বিচার কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চ দাবি করেছে, হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছে, তারা প্রকৃত নেপথ্য কারিগর নয়। তাদের মতে, ভয়াবহ এই হামলার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
সূত্র: এএফপি
মন্তব্য করুন