ভারতের বর্তমান সরকারকে অপসারণের সময় এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
শনিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির শিক্ষার্থীদের অভিনন্দনও জানান রাহুল গান্ধী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের দিকে একটি বড় পদক্ষেপ। সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন। আমরা আপনাদের সবার জন্য গর্বিত।’
তিনি আরও বলেন, গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যেসব তরুণ ও শিক্ষার্থী রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নিয়েছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন।
রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের আরও দুটি দাবি এখনো পূরণ হয়নি।
তার ভাষায়, প্রথমত, শিক্ষার্থী ও ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, কৃষক, শ্রমিক, দরিদ্রসহ সমাজের যেসব মানুষকে সরকার দমন ও নিপীড়ন করেছে, তাদের সবার জন্য প্রকৃত সাহস হলো সাংবিধানিক উপায়ে নিজেদের মর্যাদার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা।
এরপরই রাহুল গান্ধী বলেন, ‘এই সরকারকে সরানোর সময় এসে গেছে। ভয় পাবেন না।’
নিট পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও জবাবদিহির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরই আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের বাকি দাবিগুলো পূরণের আহ্বান জানান রাহুল গান্ধী।
মন্তব্য করুন