জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আরও একটি কল রেকর্ড উপস্থাপন করছে প্রসিকিউশন। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরের ওই ফোনালাপ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনানো হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় কল রেকর্ডটি উপস্থাপন করা হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রসিকিউশনের উপস্থাপন করা কল রেকর্ডে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরের কথোপকথন শোনা যায়। সেখানে ওবায়দুল কাদেরকে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার বিষয়ে পলককে নির্দেশ দিতে শোনা যায়।
ফোনালাপের অংশবিশেষে বলা হয়—
ওবায়দুল কাদের: ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’
পলক: ‘জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই।’
ওবায়দুল কাদের: ‘নিয়ে নাও।’
পলক: ‘জি, আচ্ছা।’
ট্রাইব্যুনালে এই কল রেকর্ড উপস্থাপনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রসিকিউশনের যুক্তিতে নতুন তথ্য যুক্ত হচ্ছে।
মন্তব্য করুন