মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শুধুমাত্র দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখার রাজনৈতিক কৌশল। তিনি এটিকে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ বলে মন্তব্য করেন।
শনিবার রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতন্ত্রের পরিবর্তে দলটি ফ্যাসিবাদের পথে এগিয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে এবং এক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়েও দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সামাজিকভাবে আড়ালে থাকলেও তাদের সহযোগীরা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে দলটির পুনর্বাসনের সুযোগ থাকা উচিত নয়।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, শুধু দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের আগে আওয়ামী পরিবারের অনেক সদস্য দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভেদ থাকলেও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাইয়ের চেতনাকে রক্ষা করবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় গণবিশ্ববিদ্যালয়কে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা বিজয়ী হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
মন্তব্য করুন