বিশ্ববিদ্যালয় আইনে বিশেষ ধারা যুক্ত করার আহ্বান; ফেসবুক পোস্টে তোলেন ফ্যাসিবাদ-সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি
ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া, রাষ্ট্রের নিপীড়নকে সমর্থন করা এবং সুবিধাভোগী শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরির পরিবর্তে বিশ্ববিদ্যালয় আইনে এমন একটি ধারা সংযোজন করা উচিত, যাতে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া, সুবিধা ভোগ করা এবং গুম, খুন, নিপীড়ন ও জুলাই গণহত্যার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে না পারেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন—যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না।”
তিনি আরও দাবি করেন, এ ধরনের আইন থাকলে ফ্যাসিবাদের দোসর বা সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বাদ পড়বেন। একই সঙ্গে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে রাষ্ট্রের অর্থ ব্যয়ের সমালোচনাও করেন তিনি।
মাহফুজ আলম জানান, বিষয়টি নিয়ে এর আগেও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, সাবেক এক উপাচার্যকে এ বিষয়ে পরামর্শ দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “এখনও কেউ শুনবে না। কারণ, কাক কাকের মাংস খায় না। এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসত, প্রথম দিনই এটা করত।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন