শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ গভীর রাতে তার সরকারি বাসভবন থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। বিষয়টি তারা পুলিশকে জানান।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।
ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূর-সম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।
তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়।
বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তবে এখন পর্যন্ত ওই কর্মকর্তা বা নারীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন