এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে এই হারে চতুর্থ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানার দল। ফলে এবারের এশিয়ান গেমস থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই মাত্র ২০ রানে তিন উইকেট হারায় দলটি। দিলারা আক্তার ১২, জুয়াইরিয়া ফেরদৌস ৪ এবং সোবহানা মোশতারি ২ রান করে ফেরেন।
চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা ৫৬ বলে ৪৭ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান। তবে প্রয়োজনের তুলনায় রান তোলার গতি ছিল ধীর। নিগার ৩০ বলে ২৫ রান করে আউট হন। শারমিন ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।
নিগার ফেরার পর ৩৯ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭৯ রান। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপ সামলাতে পারেনি দলটি। শেষ ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৭১ রান যোগ করে বাংলাদেশ। পুরো ইনিংসে ৪৩টি বল কোনো রান ছাড়াই শেষ করেন ব্যাটাররা।
পাকিস্তানের অফ স্পিনার উম্মে হানি বাংলাদেশের রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান। ১০ রান দিয়ে তিনি শিকার করেন তিন উইকেট।
এর আগে পাকিস্তানের ইনিংসেও শুরুটা ভালো ছিল না। ১১.৪ ওভারে ৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক ফাতিমা সানা ও আলিয়া রিয়াজের ৪৩ বলে ৬৭ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরায়।
ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে আসে ৩১ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় বোলারদের লড়াই শেষ পর্যন্ত কাজে আসেনি।
এদিকে এই ম্যাচটি টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ। এশিয়ান গেমস শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন তিনি। ফলে দলের নেতৃত্বে এটিই ছিল নিগারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
মন্তব্য করুন