উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টার সর্বশেষ পরিমাপ অনুযায়ী, নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বুধবার সকাল থেকেই তিস্তার পানি দ্রুত বাড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা যায়।
এদিকে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডালিয়া, ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চল এবং তিস্তা তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন বসতবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে। লোকালয়ে পানি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিভাত চৌধুরী বলেন, “উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
তিনি আরও জানান, তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দারা প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
মন্তব্য করুন