টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেললাইন পানির নিচে তলিয়ে থাকায় কক্সবাজারমুখী ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে রয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকেই কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি বুধবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে না।
যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থাও নিয়েছে রেল কর্তৃপক্ষ। যারা নির্ধারিত ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। এছাড়া যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে যাওয়ার পর নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
মন্তব্য করুন