বাংলাদেশ পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ কমিশনারসহ সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের পদ পরিবর্তনসহ নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার এবং মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে একই পদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
মন্তব্য করুন