রাজধানীতে কর্মরত নীলফামারীর সাংবাদিকদের মধ্যে পেশাগত বন্ধন, পারস্পরিক সহযোগিতা ও জেলার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিতে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীতে আয়োজিত ফোরামের সাধারণ সভায় প্রাণবন্ত আলোচনা, মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সভায় অংশ নেওয়া সদস্যরা সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সদস্যকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটিতে দৈনিক আনন্দবাজারের মুফদি আহমেদ সভাপতি এবং জুমবাংলার মাহামুদুল হাসান মেজর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি), অর্থ সম্পাদক এ কে শামসুজ্জোহা (সবুজ দেশ), সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল), মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান মণ্ডল (বাংলার গণজাগরণ২৪) দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মোহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।
সভায় বক্তারা বলেন, রাজধানীতে ছড়িয়ে থাকা নীলফামারীর সাংবাদিকদের জন্য এই ফোরাম একটি অভিন্ন প্ল্যাটফর্ম। পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, নীলফামারীর উন্নয়ন সম্ভাবনা, ঐতিহ্য, সংস্কৃতি, অর্জন এবং জনজীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় গণমাধ্যমে আরও বেশি তুলে ধরার ক্ষেত্রে ফোরাম সক্রিয় ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, কার্যকর ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নীলফামারীর সাংবাদিকদের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান মেজর বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় একটি অঙ্গীকার। সদস্যদের প্রত্যাশা পূরণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা পেশাদার সাংবাদিকতার বিকাশ, সদস্য কল্যাণ এবং জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন